খুলনায় ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম

খুলনায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তাদের নগরীর শেখপাড়া এলাকার  সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তিন সন্ত্রাসী হলেন- জিতু, জাহাঙ্গীর এবং উজ্জ্বল শেখ। তাদের বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে।

তিন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) তৈমুর আলম। 

তিনি বলেন, শীর্ষ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। একপর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সকালে তারা মোটরসাইকেল নিয়ে নগরীর শেখপাড়া সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। অপর সন্ত্রাসী জাহাঙ্গীরের নামে মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া আসামি উজ্জ্বল শেখের বিরুদ্ধেও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত