ম্যাকগ্রাকে চোখ পরীক্ষা করাতে বললেন টেন্ডুলকার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা, এবার উড়োজাহাজের আসনে! কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা ফের একসঙ্গে—এবার এক বিজ্ঞাপনে, যা রসিকতায় ভরপুর আর পুরনো বিতর্ক উসকে দিয়েছে নতুনভাবে।

ডক্টর আগরওয়ালের আই হসপিটালের নতুন বিজ্ঞাপনে দেখা গেছে শচিন-ম্যাকগ্রাকে বিমানের একটি ফ্লাইটে। ম্যাকগ্রা পরিচিত ভঙ্গিতে খোঁচা দিয়ে বললেন, 'তুমি এখনও অ্যাডিলেডের জন্য রাগ করে আছ?' শচিনও পাল্টা জবাব দিলেন, 'আমি আউট ছিলাম না, আর তুমি সেটা জানো!'

এরপর ম্যাকগ্রা নিজের ফোন বের করে প্রমাণ দেখানোর চেষ্টা করতেই শচিন বলে ওঠেন, 'তোমার চোখ পরীক্ষা করানো উচিত।' 

তর্কের মাঝেই এক যাত্রী এসে জানায়, ম্যাকগ্রা ভুল আসনে বসে আছেন। বিজ্ঞাপন শেষ হয় বার্তাটি দিয়ে—চোখ পরীক্ষা করানোর আহ্বান।

বিজ্ঞাপনের চমক হল ১৯৯৯ সালের বিতর্কিত অ্যাডিলেড টেস্টের প্রসঙ্গ টেনে আনা। ওই ম্যাচে ম্যাকগ্রার এক ডেলিভারি শচিনের কাঁধে লাগলেও আম্পায়ার ড্যারেল হার্পার এলবিডব্লিউ আউট দেন, যা আজও ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয়।

টেস্ট ও ওয়ানডেতে ১৩ বার শচিনকে আউট করা ম্যাকগ্রা সবসময় ছিলেন ভারতীয় ব্যাটারের কঠিন প্রতিপক্ষ। বিজ্ঞাপনে সেই স্মৃতি ফুটে উঠেছে রসিকতার মোড়কে।

শচিন বিজ্ঞাপনটি শেয়ার করতেই ক্রিকেটপ্রেমীদের স্মৃতির জানালা খুলে যায়। এক ভক্ত লেখেন, 'দুই কিংবদন্তি! একজন বলের জাদুকর, আরেকজন ব্যাটের।'

আরেকজন মজা করে লিখেছেন, 'শচিন, তুমি আবার আমাদের পুরনো ক্ষত উসকে দিলে! ম্যাকগ্রা, তুমি-শচিন আমাদের অনেক স্মৃতি উপহার দিয়েছো।'

ক্রিকেটীয় ইতিহাসের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ এবার মজার বিজ্ঞাপনের আকারে ফিরে এল, যা চোখের পরীক্ষার বার্তার পাশাপাশি ভক্তদের উপহার দিল নস্টালজিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত