শেষ টেস্টের আগেই দেশে পাঠানো হলো কনস্টাসকে, লর্ডসে ফিরবেন ওপেনার হয়ে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরছেন। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ড ম্যাচ খেলতেই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে যশপ্রীত বুমরাহ-এর বিরুদ্ধে দুর্দান্ত অভিষেকের পর কনস্টাস শ্রীলঙ্কা সফরের দলেও ছিলেন। তবে, উপমহাদেশের স্পিন-বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে অভিজ্ঞতার অভাবে তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তার বদলে ট্রাভিস হেড-কে উসমান খাজার সঙ্গে ইনিংস ওপেন করার দায়িত্ব দেওয়া হয়, যেখানে জোশ ইংলিস অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরি করেন।

অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এবং সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় কনস্টাসকে নিউ সাউথ ওয়েলসের হয়ে ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া কুইন্সল্যান্ড ম্যাচ খেলতে পাঠানো হচ্ছে।

সিডনি মর্নিং হেরাল্ডকে কনস্টাস বলেছেন, 'এটাই পরিকল্পনা। আশা করি, আমি প্রথম ম্যাচেই খেলতে পারব। জাতীয় দলে ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, উসমান খাজার মতো খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করা দারুণ অভিজ্ঞতা।'

তিনি আরও যোগ করেন, 'এশিয়ান কন্ডিশনে কীভাবে ব্যাট করতে হয়, সেটা বোঝার চেষ্টা করেছি। দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।'

কনস্টাসকে দ্বিতীয় টেস্টে না খেলিয়ে ঘরোয়া ক্রিকেটে পাঠানোর পক্ষে ছিলেন সাবেক অধিনায়ক ইয়ান হিলি ও সাবেক ইকেটকিপার-ব্যাটার ব্র্যাড হাডিন। তাদের মতে, যদি কনস্টাস দ্বিতীয় টেস্টের পরিকল্পনায় না থাকেন, তবে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলিয়ে প্রস্তুত রাখা উচিত।

গলে দ্বিতীয় টেস্টেও ওপেন করবেন ট্রাভিস হেড, তবে তিনি মনে করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কনস্টাসই ইনিংস শুরু করবেন।

হেড বলেন, 'লর্ডসে ও (কনস্টাস) খেলবে বলে আমার ধারণা। আমি তখন আবার মিডল অর্ডারে ফিরে যাব। অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়া কঠিন হওয়া উচিত। এখন অনেক প্রতিদ্বন্দ্বিতা। কনস্টাসের আত্মবিশ্বাস, খেলার ধরন দেখলে বোঝা যায়—ওর সামনে বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত