গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হচ্ছে আজ। আখেরি মোনাজাত আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। শুরায়ি নেজামের হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন, তিনি প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
আয়োজকদের তথ্যমতে, বুধবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা মো. ফারুক। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে নয়টায় বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
এদিকে ইজতেমার আখেরি মোনাজাতে যোগ দিতে আজও গাজীপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসছেন। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ১১টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।
এছাড়া মোনাজাতে অংশগ্রহণ ও মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আব্দুল্লাহপুর, মিরের বাজার, ভোগড়া বাইপাস মোড় থেকে ঢাকা-ময়মনসিংহ সড়কটি ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফিরতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
এরআগে গত রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে।
