পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৯ এএম

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেবার তিনদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার মথুরাপুর বিল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় ওহাবকে ছিনিয়ে নেবার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

এর আগে ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে পুলিশের গাড়ি থেকে ৫০০-৭০০ কর্মী সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক মো. আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েক শত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওইদিন রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেবার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী তাকে ও ছিনিয়ে নেবার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশের ব্যক্তিগত অভিযানে সকালে মথুরাপুর বিল এলাকার একটি বাড়ি থেকে তাকে সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত