ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ডোয়াইন ব্র্যাভোর রেকর্ড ভেঙে দিলেন রশিদ খান। আফগানিস্তানের এই স্পিনার এখন টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক। এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের বিপক্ষে সেমিফাইনালে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করে তিনি এই রেকর্ড গড়েন।
আফগান তারকার টি-টোয়েন্টি উইকেটসংখ্যা এখন ৬৩৩ আরা ব্র্যাভোর উইকেট ৬৩১টি। এই ম্যাচের আগে দুজনের উইকেটসংখ্যা সমান ছিল। এবার ব্র্যাভোকে ছাড়িয়ে গেলেন রশিদ। ৬৩৩টি উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে তার শিকার ১৬১টি। বাকি ৪৭২টি উইকেট নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান রশিদ। তার চাহিদা আকাশচুম্বী। তার দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটান্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, সাসেক্স শার্কস, ট্রেন্ট রকেটস ও এমআই কেপটাউন। ৬৩১টি উইকেট নিতে ৫৮২টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। তার চেয়ে অনেক কম মাত্র ৪৬১ ম্যাচেই তাকে টপকে গেছেন রশিদ খান।
আরও একটা দিকে রশিদ এগিয়ে আছেন। এখন পর্যন্ত রশিদের বোলিং গড় ১৮.০৮, সেখানে ব্র্যাভোর বোলিং গড় ২৪.৪০। তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন। তার উইকেটসংখ্যা ৫৭৪। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ৫৩১। বাংলাদেশের সাকিব আল হাসান ৪৯২টি উইকেট নিয়ে এই তালিকায় পঞ্চম স্থানে আছেন।
ফাইনালের পথে খুলনা-চিটাগং দ্বৈরথ
৫ ফেব্রুয়ারি এত ফুটবলারের জন্মদিন!