কাইল ওয়াকারের শূন্যস্থান পূরণে গার্দিওলার সাময়িক ভরসা নুনেজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

ম্যানচেস্টার সিটির রক্ষণভাগে বড় পরিবর্তন এসেছে জানুয়ারির দলবদলে। সাত বছরেরও বেশি সময় পর ক্লাব ছেড়েছেন কাইল ওয়াকার, ধারে পাড়ি জমিয়েছেন এসি মিলানে। এই শূন্যতা পূরণে রাইট-ব্যাকে মাতেওস নুনেজকে খেলাচ্ছেন পেপ গার্দিওলা, যদিও পজিশনটি তার স্বাভাবিক নয়। তবে সিটি কোচের দাবি, গতি ও আক্রমণাত্মক খেলায় নুনেজ দলকে কিছুটা হলেও সাহায্য করছেন।

ওয়াকারের বিদায়ের পর জানুয়ারিতে দুই নতুন ডিফেন্ডারকে দলে ভেড়ায় সিটি। ব্রাজিলিয়ান তরুণ ভিক্টর রেইসকে ৩০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা) খরচ করে নিয়ে আসে পালমেইরাস থেকে, আর উজবেকিস্তানের প্রতিশ্রুতিশীল ডিফেন্ডার আবদুকাদির খুসানভকে ৪০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৬০৬ কোটি ৪০ লাখ টাকা) দিয়ে কেনে আরসি লেন্স থেকে। তবে এই দুজন মূলত সেন্টার-ব্যাক, রাইট-ব্যাকে স্বাভাবিক অপশন নেই বললেই চলে।

এই পরিস্থিতিতে নতুন সমাধান হিসেবে মিডফিল্ডার নুনেজকে রাইট-ব্যাক বানানোর চেষ্টা করছেন গার্দিওলা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এটা হয়তো সাময়িক সমাধান, তবে আমাদের কিছু সমস্যা আছে এবং নুনেজের এমন গতি আছে, যা অন্যদের নেই।'

গার্দিওলা আরও যোগ করেন, 'এটা তার স্বাভাবিক পজিশন নয়, কিন্তু সে উন্নতি করছে এবং দলকে আক্রমণ ও রক্ষণে সাহায্য করছে।' তবে নুনেজের পারফরম্যান্স মিশ্র, আক্রমণে কার্যকর হলেও রক্ষণে মাঝে মাঝে ভুল করছেন তিনি।

নুনেজের এই নতুন ভূমিকায় একাডেমি তারকা রিকো লুইসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। গার্দিওলা কি তাকে মিডফিল্ডে আরও এগিয়ে নিয়ে যাবেন? নাকি নুনেজের এই সাময়িক সমাধান দীর্ঘমেয়াদে বদলে যাবে নতুন কৌশলে? সিটির ডিফেন্স গঠনের এই পরিবর্তন কতদিন কার্যকর থাকবে, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত