রমজানে নয়, লোডশেডিং হতে পারে গ্রীষ্মে: জ্বালানি উপদেষ্টা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

আসন্ন রোজার সময় লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে গ্রীষ্ম মৌসুমে কিছুটা লোডশেডিং হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনে আসন্ন রমজান ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, রোজাকে লোডশেডিং মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। লোডশেডিং নানা কারণে হয়, টেকনিক্যাল কারণ ছাড়া লোডশেডিং যাতে না হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, রোজার মাসে সারাদেশে লোডশেডিং মুক্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। রোজার মাসে বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখতে ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি থেকে ১২০০ পর্যন্ত উন্নীত করা হচ্ছে। তবে, সেচের চাহিদার কারণে গ্রীষ্মকালে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে।

তিনি আরও বলেন, গ্রীষ্মকালেও লোডশেডিং কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে। গ্রীষ্মকালে ১৮শ মেগাওয়াট চাহিদা ধরে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ব্যয় সংকোচন করে চলছে অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত