ঢাকা চেম্বার সভাপতি

উচ্চ সুদহার স্থানীয় শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ এএম

ব্যাংক ঋণের উচ্চ সুদহার স্থানীয় শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে আমাদের উদ্যোক্তাদের ক্রমেই কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সেই সঙ্গে কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা ব্যবসায়ীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কর ও ভ্যাটের নিয়মিত পরিবর্তন, অগ্রিম আয়কর ও রেগুলেটরি ডিউটির অতিরিক্ত বোঝা, আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতার কারণে দেশের বেসরকারি খাতের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান অঞ্চলের তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে ডিসিসিআইয়ের ‘আয়কর, ভ্যাট, শুল্ক, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, সাম্প্রতিক অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট পরিস্থিতির অবনতির কারণে বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ পরিলক্ষিত হচ্ছে না। ঋণপত্র খোলার জটিলতা, এসএমই খাতের উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে পদ্ধতিগত প্রতিবন্ধকতা এবং উচ্চ সুদহার আমাদের স্থানীয় শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে। এমতাবস্থায় দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কার্যকর বাস্তবায়ন একান্ত অপরিহার্য।

সভায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ) মো. সাইয়েদুল ইসলাম বলেন, এলসি মার্জিন শতভাগ হবে কি না, এটি নির্ভর করে ব্যাংক ও ভোক্তার সম্পর্কের ওপর এবং এলসি মার্জিনের বিষয়টি সব পণ্যের ক্ষেত্রে এক নয়। কভিড মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতার কারণে মার্কিন ডলারের মূল্যের অস্বাভাবিক ওঠানামার কারণে আমাদের স্থানীয় ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত