জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, বর্তমানে সারা দেশে প্রতিদিন অধিদপ্তরের প্রায় ৩০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। আসন্ন রমজানে এ টিমের সংখ্যা দ্বিগুণ মানে ৬০টি টিম করে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
রমজান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রমজানে নিত্যপণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আসন্ন রমজানে খেজুর, মসলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্য নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই। এ তিনটি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে।
