চলতি বছরের শেষদিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাপানের ব্রডকাস্টিং করপোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় তার সরকারের মেয়াদে তিনি বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চান বলে সাক্ষাৎকারে বলেন ড. ইউনূস। এ ছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে, তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, ওই সময়ের পরিস্থিতি থেকে অনেক দূর এগিয়েছি। সে সময় সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ও বিচারব্যবস্থা বিধ্বস্ত ছিল।’ নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষদিক। যখন নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে, তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে।
গত বছর শেখ হাসিনার পতনে বড় ভূমিকা রাখা তরুণ প্রজন্মকে নিয়েও জাপানি সংবাদমাধ্যমটিতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, তার আকাক্সক্ষা বাংলাদেশের তরুণরা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে। ড. ইউনূস বলেন, ‘তরুণরা তাদের সৃজনশীলতার শক্তি প্রদর্শন এবং তা পুরো বিশে^র সঙ্গে ভাগ করতে চায়। আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে আগাই।’
প্রধান উপদেষ্টা বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জাপানের প্রযুক্তি এবং অর্থায়ন তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
