বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা হস্তান্তর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬ এএম

স্বাস্থ্য খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধিদল।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডা. পারভেজ রেজা কাকন, নজরুল ইসলাম, জাহানারা খাতুন প্রমুখ।

এদিকে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, ‘ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আজ্ঞাবহ দোসররা এখনো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয় অন্তর্বর্তী সরকার সংস্কার-সংস্কার বলে গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্তে মেতে উঠেছে।’ তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ যখন কোনো রাজনৈতিক নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তখন জাতির এই মহাসংকটে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং অস্ত্র হাতে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন। তখন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত স্বৈরশাসক ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করে তখন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় এ দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন। গণতন্ত্রের প্রধান শর্ত জাতীয় নির্বাচন। অথচ আমরা দেখছি, সরকার সেদিকে না হেঁটে নির্বাচন প্রক্রিয়া যাতে ব্যাহত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব, কোনো প্রকার সময়ক্ষেপণ না করে জনগণের প্রধান দাবি নির্বাচনের পথে অগ্রসর হওয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা।’

সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলাহ চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির বেপারি, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত