বিবৃতিতে জয়সওয়াল

শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে ক্রমাগত মিথ্যা ও উসকানিমূলক বিবৃতি দিচ্ছেন। এমনটি দাবি করে শেখ হাসিনাকে বক্তব্য ও বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের প্রতি প্রতিবাদ জানিয়েছে অন্তবর্তী সরকার।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে একটি প্রতিবাদলিপিও দিয়েছে।

এদিকে শেখ হাসিনার বক্তব্যের জন্য দায়ী করায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ বিষয়ে কথা বলতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে মো. নুরুল ইসলামকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বৈঠকে জানানো হয়— ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক কূটনৈতিক সম্পর্ক চায়। সাম্প্রতিক অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকেও বেশ কয়েকবার এ কথার পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকারের ধারাবাহিক বিবৃতিগুলো ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছে। এসব বিবৃতি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমাদেরকে দায়ী করে। এসব বক্তব্য আসলে দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন জয়সওয়াল। তিনি বলেন, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে।

ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য চেষ্টা চালাবে। বাংলাদেশও এ সম্পর্ককে খারাপ না করে একইভাবে সহযোগিতা করবে বলে মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত