চ্যাম্পিয়নস ট্রফির খবর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

বুমরার চোট নিয়ে ধোঁয়াশা

চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল জানানোর সময় এগিয়ে আসছে। তার আগে ভারতীয় পেস আক্রমণের মূল কাণ্ডারি জাসপ্রিত বুমরার চোট নিয়ে শঙ্কার মধ্যে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনো পিঠের চোট পুরোপুরি সারেনি বুমরার। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে বুমরার থাকা নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া যাবে কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ভারতীয় পেসার এখনো চোটাক্রান্ত অবস্থাতেই আছেন। তাই আরও কিছু দিন বুমরাকে থাকতে হবে দেশটির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এনসিএ-তে বুমরার স্ক্যান এবং পর্যবেক্ষণ শেষ হয়েছে। তার সামগ্রিক মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করা হবে। আর মেগা ইভেন্টে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়ার জন্য আরও কিছু দিন এনসিএ-তে থাকতে বলা হয়েছে বোর্ডের তরফ থেকে। মেডিকেল রিপোর্ট তৈরি হওয়ার পর ক্রাইস্টচার্চের যে চিকিৎসককে বুমরা দেখিয়েছেন, সেই রোয়ান শাউটেনের মতামতও নেওয়া হবে। গত জানুয়ারিতে বুমরার প্রথম স্ক্যানের সময়েও শাউটেনকে জানানো হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বুমরার জায়গায় বরুণ চক্রবর্তীকে দলে নেয় বিসিসিআই।

আতিফের গলায় থিম সং

আইসিসির এক একটি মেগা ইভেন্টের আগে ঘটা করে প্রকাশ করা হয় সেই আসরের থিম সং। এবারের চ্যাম্পিয়নস ট্রফির থিম সং কবে আসবে সেটি নিয়ে অপেক্ষা ছিল ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের নন্দিত কণ্ঠশিল্পী আতিফ আসলামের গলায় ‘জিতো বাজি খেল কি’ শিরোনামে এবারের গানটি শুক্রবার প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ৭ বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আমিরাতে হাইব্রিড মডেলে গড়াচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। এবারের গানটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ সিদ্দিকি। গানের কথা লিখেছেন আদনান ধুল ও আসফানদার আসাদ।

আফগানে ইংলিশদের হ্যাঁ

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশটিতে মেয়েদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে খেলতে আপত্তি না জানালেও আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। কিছুদিন আগে আফগানিস্তানের তালেবান শাসনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন ইংল্যান্ডের রাজনীতিবিদরা। গ্রেট ব্রিটেনের ১৬০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের বয়কটের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে সম্মত হয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে থাকা আফগানিস্তানের বিপক্ষে খেলতে দেখা যাবে ইংল্যান্ডকে।  এ বিষয়ে ইসিবির প্রধান রিচার্ড থম্পসন বলেন, ‘বিশ্বের অন্য দেশগুলো আফগানিস্তানের বিপক্ষে খেলছে। আমাদের মনে হয় না ইংল্যান্ড একা না খেলে বিরাট কিছু অর্জন করবে। আমরা শুনেছি আফগানিস্তানের সাধারণ মানুষদের জন্য ক্রিকেটই একমাত্র বিনোদন। সেই কারণে আমরা খেলব। তবে আগামী দিনে ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির ওপর আমরা চাপ

তৈরি করব। সারা বিশ্বে যখন নারী ক্রিকেট এগিয়ে চলেছে, তখন আফগান মেয়েদের সুযোগ না পাওয়াটা খুব হতাশার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত