ভারত-পাকিস্তান ফাইনাল চান শোয়েব

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ এএম

ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট শুরু হতে আর বাকি ১১ দিন। কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, সেমিফাইনাল ও ফাইনালে উঠবে কারা –এসব নিয়ে চলছে বিস্তর বিশ্লেষণ। অনেকেই ভবিষ্যদ্বাণী করছেন। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার তাদেরই একজন।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেছেন, ‘আমার বিশ্বাস, ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান। এই দুই দলের ফাইনালেও দেখা হওয়া উচিত। (গ্রুপ পর্বে) ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে। আফগান ব্যাটাররা পরিপক্বতা দেখাতে পারলে দলটি অপ্রত্যাশিত কিছু করে ফেলতে পারে।’

‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। এর মাঝে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে। ‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান গত ওয়ানডে বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে। পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে তারা হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে জিততে জিততে হেরেছে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত