৬০০ মেধাবী শিক্ষার্থীকে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি প্রদান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের উদ্যোগে আজ (শনিবার) সকালে জকিগঞ্জ ও কানাইঘাটের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয়শত মেধাবী শিক্ষার্থীকে জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়েছে।

গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২ হাজার ৮১ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট ৫৯৩ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে, যার মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছে। 

বৃত্তি হিসেবে মেধা গ্রেডের শিক্ষার্থীরা ২,৫০০ টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীরা ২,০০০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ১,৫০০ টাকা পেয়েছে। এই বৃত্তি এককালীন প্রদান করা হয়েছে, পাশাপাশি, সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্রও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল্ ইসহাক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা ট্রাস্টের সামাজিক অবদান এবং শিক্ষাখাতে ভূমিকা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার প্রসারে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন ও মানবিক সেবার মাধ্যমে জকিগঞ্জ-কানাইঘাটের সর্বসাধারণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে 'ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট' নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত