এই দিনে

৯ ফেব্রুয়ারি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ এএম

১৯২৩ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন বরেণ্য বাঙালি অধ্যাপক, লেখক, সংস্কৃতি ও সমাজকর্মী কবীর চৌধুরী। ১৯৩৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা এবং ১৯৪০ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাস করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সাহিত্য এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর কবীর চৌধুরী ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের প্রথম সদস্য সচিব এবং পরে শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হন। ১৯৭৪ সালে শিক্ষকতায় ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক হন। ১৯৯৮ সালে জাতীয় অধ্যাপকের মর্যাদায় ভূষিত হন কবীর চৌধুরী। কবীর চৌধুরীর রচিত, সম্পাদিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা দুশতেরও বেশি। কবীর চৌধুরী আজীবন প্রগতিশীল মতবাদ এবং সেক্যুলার গণতান্ত্রিক রাজনীতির অনুসারী ছিলেন এবং অনেক জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেন। বাংলা একাডেমি পুরস্কার এবং দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত হন তিনি। ২০১১ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন কবীর চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত