ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে তরুণদের মধ্যে তুমুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটক দিয়ে দারুণ খ্যাতি অর্জন করেছেন তিনি।
সেখানে ইভা চরিত্রে অভিনয় করেছেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।
তবে সম্প্রতি একটি স্ট্যাটাস শেয়ার করেছিলেন পারসা ইভানা। সেখানে এই তারকা দর্শকদের উদ্দেশে বলেছিলেন, ‘যদি কখনো অভিনয় বন্ধ করে দেন তাহলে তার কোনো বিষয় মিস করবে?’ এরপর থেকেই অনেকের প্রশ্ন, তাহলে কী অভিনয় ছেড়ে দেবেন পারসা ইভানা?
প্রসঙ্গটি নিয়ে কথা বলেন ছোট পর্দার এই অভিনয়শিল্পী। তার কথায়, অভিনয় ছাড়ার বিষয়টা ঠিক না, একটু আবেগের বসে বলেছিলাম। আমার কাছে মনে হয় একজন অভিনেত্রী খুব কম সুযোগ-সুবিধা পায়। খুব কম ভালো কাজের স্ক্রিপ্ট আসে আমার কাছে। যেহেতু আমার মা দেশের বাইরে থাকেন, আম্মুরও ইচ্ছে আমি যাতে চলে যাই। কিন্তু আমি যাচ্ছি না, কারণ এই জায়গাটার প্রতি অনেক সফট কর্নার আছে। ওইটা চিন্তা করে আমি ইমোশনাল হয়ে যাই। যদি কখনো আমার অভিনয় ছেড়ে দিতে হয়, আমার মনে হয় অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাব।
ইভানাকে প্রশ্ন করা হয়, যদি কখনো অভিনয় ছেড়ে দেন সে ক্ষেত্রে কোন বিষয়গুলো মিস করবেন? এ প্রশ্নের উত্তরে পারসা ইভানা বলেন, শুটিং সেটে যাওয়া, স্ক্রিপ্ট পড়া, সহ-শিল্পীদের মিস করা, নির্মাতাদের মিস করা। আমার মনে হয় আমি অভিনয় ছাড়া কিছু পারি না।
ইতিমধ্যেই বিভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে মেলে ধরেছেন পারসা ইভানা। তবে তার ইচ্ছে বাস্তবধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে পর্দায় নিজেকে দেখার। এই অভিনেত্রী ভাষ্য, একটা সময় ইচ্ছা ছিল এ ধরনের কিংবা ওই ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। একজন অভিনয়শিল্পী হিসেবে ছোট পর্দায় অনেক চরিত্র এক্সপ্লোর করে ফেলেছি। তবে এখন যেসব কনটেন্ট হচ্ছে দেশের বাইরে নেটফ্লিক্সে, অনেক রিয়েলিস্টিক কাজ হচ্ছে, আমি চাই এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে। যেমন, আলিয়া ভাট গাঙ্গুবাই করেছিলেন। যদি কখনো সুযোগ পাই করা হবে। ব্যক্তি জীবনে অনেকটাই সাধারণ পারসা ইভানা। তার কথায়, আমি সাধারণ মানুষের মতো চলাচল করি। প্রতিদিন রিকশা করে বের হয়ে ঘোরাফেরা করি, ঝালমুড়ি খাই, ফুচকা খাই। সাধারণ জীবন আমি খুব পছন্দ করি। রান্নায় কতটা পারদর্শী, সে বিষয়েও কথা বলেন পারসা ইভানা। তিনি বলেন, আমার আম্মু অনেক ভালো রান্না করেন। ছোটবেলা থেকেই যেখানেই বেড়াতে যেতাম, যার বাসায় হোক কারও হাতে রান্না খেতাম না। আম্মুকে বলতাম ‘তোমাকে রান্না করতে হবে, না হলে আমি যাব না’। এখন তো বড় হয়ে গেছি, অনেক কিছু পরিবর্তন হয়েছে। তবে সেই জায়গা থেকে রান্নার প্রতি আমার তেমন ফেসিনেশন নেই। সবাইকে দিয়ে সব কিছু হয় না, হয়তো রান্নাটা আমার জন্য না। তবে আমার বন্ধুদের জন্য মাঝেমধ্যে রান্না করি, তারা বলে ‘মজা হয়েছে’। আমার করা কালাভুনা বেশি ভালো হয়, একবার রোস্ট করেছিলাম সেটাও নাকি ভালো হয়েছিল।
এদিকে সবশেষ ‘প্রাকৃতজন’ নাটকে দেখা গেছে পারসা ইভানাকে। ভিকি জাহেদ পরিচালিত সাসপেন্স, থ্রিলারধর্মী এই নাটকে মিতা চরিত্রে দেখা গেছে তাকে। এতে তার বিপরীতে জাকির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।
গল্পে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করা একজন ব্যাচেলর চাকরিজীবী জাকির। চট্টগ্রাম থেকে মিতা নামের এক অসহায় মেয়ে পালিয়ে আসে। এরপর পরিচয় হয় জাকিরের সঙ্গে। মেয়ের বিপদের কথা শুনে তাকে নিজের বাসায় থাকতে দেন। মেয়েটিকে পছন্দ করতে শুরু করে জাকির কিন্তু তার মাথায় সারাক্ষণ পরকীয়ার ভয় ভর করে থাকে। একটা সময় সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বিয়ে করবে। এরপরই ঘটে এক অনাকাক্সিক্ষত ঘটনা। এরপর নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটি।
