বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবার ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ হাজার ৭৬০ পুরুষ, ৭৬৭ নারীসহ মোট ১০ হাজার ৫২৭ দৌড়বিদ অংশগ্রহণ করেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘এই ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে।’
ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল-আমিন ও মহিলা বিভাগে পাপিয়া খাতুন প্রথম স্থান অধিকার করেন। হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আশিক আহমেদ ও মহিলা বিভাগে রিঙ্কি বিশ্বাস প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া ১০ কিলোমিটার (সাধারণ) পুরুষ বিভাগে এম সোয়ান ও মহিলা বিভাগে প্রিয়া আক্তার; ১০ কিলোমিটারে (প্রথমবার) অংশগ্রহণকারী পুরুষ বিভাগে মো. তুহিন আল মামুন ও মহিলা বিভাগে মোসা. সুমাইয়া আখতার এবং ১০ কিলোমিটার (ভেটেরান) পুরুষ বিভাগে জসিম উদ্দিন আহমেদ ও মহিলা বিভাগে ইরি লি কৈকি প্রথম স্থান অর্জন করেন।
