দুই ম্যানচেস্টারের জয়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ এএম

চ্যাম্পিয়নস লিগ নকআউট রাউন্ড প্লে-অফে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ মঙ্গলবার। তার আগে এফএ কাপে জয় পেল সিটিজেনরা। গতকাল এফএ কাপের চতুর্থ রাউন্ডে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারায় লেটন ওরিয়েন্টকে। সামনে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ তাই আর্লিং হালান্ড, বার্নার্দো সিলভা, ম্যানুয়েল আকাঞ্জি, জাসকো গাভার্দিওলসহ অনেকেই ছিলেন না এই ম্যাচের স্কোয়াডে।

সিটিকে চমকে দিয়ে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ওরিয়েন্ট। সিটির গোলকিপার ওর্তেগাকে খানিকটা এগিয়ে থাকতে দেখে মাঝ মাঠের একটু সামনে থেকে লং রেঞ্জের শটে জালভেদ করেন জেমি ডোনলে।

 উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আবদুকোদির খুসানভের সিটির হয়ে অভিষেক ম্যাচটা ভালো কাটেনি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৫৬ মিনিটে সমতা টানেন তিনি। ৭২ মিনিটে বদলি হিসেবে নামার সাত মিনিট পর কেভিন ডি ব্রুইনের গোলেই এগিয়ে যায় গার্দিওলার দল। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে স্বস্তির জয়ে পঞ্চম রাউন্ডে পা রাখে ম্যানসিটি।

এদিকে পিছিয়ে থেকেও ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। তবে জয়ে ছিল বিতর্কের রেশ। ম্যাচে রেফারিং নিয়ে উঠেছে প্রশ্ন।

ম্যাচের সময় যখন ৯০ মিনিট ১-১ গোলের সমতা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে হেডে জয়সূচক গোলটি করেন হ্যারি ম্যাগুয়ের। কিন্তু গোলের আগ মুহূর্তে অফসাইডে ছিলেন ম্যাগুয়ের। কিন্তু লাইনসম্যানের চোখ এড়িয়ে যায় তা। লেস্টার সিটি ফুটবলাররা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। তবে পঞ্চম রাউন্ডের আগ পর্যন্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিও এফএ কাপে ব্যবহার করা হয় না। এ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ইংলিশ ফুটবলে। এ প্রসঙ্গে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছে লেস্টার সিটি। তার আগে ৪২ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান ববি ডি করডোভা-রেইড। উইলফ্রেড এনডিডির শট রুখে দেন ম্যানইউ গোলকিপার আন্দ্রে ওনানা। পরে সুযোগ কাজে লাগান ববি। ৬৮ মিনিটে গোল শোধ দেয় রেড ডেভিলরা। গোলটি করেন জশুয়া জার্কি। ম্যাচ শেষে ম্যানইউর কোচ আমোরিমও স্বীকার করেছেন, ভিএআর প্রযুক্তি থাকলে গোলটি হতো না, ‘ভিএআরে এটা গোল নয়। খেলায় ন্যায্যতার জন্যই ভিএআর থাকা গুরুত্বপূর্ণ। অফসাইড খেলায় হার মেনে নেওয়া কঠিন। তবে কিছুটা সৌভাগ্য আমাদেরও প্রাপ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত