মুশফিকের সেলফিতে ফরচুন বরিশালের বিপিএল শিরোপা উদযাপন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাওয়া হয়নি ফরচুন বরিশালের ক্রিকেটারদের। তবে সমর্থকদের দেওয়া কথা রেখেছে দলটি। বিমানে করে পৌঁছে ধান-নদী-খালের শহরটিতে। বিকেল ৩ টায় নগরের বেলস পার্কে টানা দুবারের জেতা বিপিএল ট্রফি দুটি নিয়ে হাজির হয়েছেন তামিম ইকবালরা।

বিপিএল শিরোপা উদযাপনে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। মুশফিকুর রহিমের সেলফিতেই ধরা পড়েছে সেটা। গত আসরে লঞ্চে ট্রফি উঠালেও সমর্থকদের কাছে ট্রফি নিয়ে যাওয়া কোনো আয়োজন ছিল না। এবার তাই দুটো ট্রফি নিয়ে যাচ্ছে তারা।

বরিশাল মানেই নদী আর লঞ্চের অঞ্চল। লঞ্চ হলো এ অঞ্চলের আইকনিক পরিবহন। তাই বিপিএলের ট্রফি লঞ্চে করেই বরিশাল যাবে –এমনটাই সবার আশা ছিল। তবে টানা দ্বিতীয়বার ফরচুন বরিশাল শিরোপা জিতলেও বিপিএল ট্রফির লঞ্চে ওঠা হলো না। ট্রফি নিয়ে বরিশালে গেলেন তামিম ইকবালরা, তবে লঞ্চে নয়, বিমানযোগে।

অবশ্য ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বলেছিলেন, লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। তবে বাস্তবে তা হয়নি। ফাইনাল জয়ের পর ফরচুন বরিশাল মালক মিজানুর রহমান বলে দেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিপিএল ট্রফির আইকনিক বাহনে ওঠা হলো না।

আজ ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছেছে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল। আগে থেকেই শিরোপা জয় উদপানের ঘোষণা দিয়েছিলেন মিজানুর রহমান। তিনি বলেছিলেন, ‘৯ তারিখে বরিশাল যাব, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত