এফএ কাপে অঘটন, লিভারপুলকে হারিয়ে দিল দ্বিতীয় সারির প্লাইমাউথ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

এফএ কাপে অবিশ্বাস্য এক অঘটন ঘটালো প্লাইমাউথ আর্গাইল। চ্যাম্পিয়নশিপের তলানির দলটি রবিবার (৯ ফেব্রুয়ারি) ১-০ ব্যবধানে হারিয়ে দিল শক্তিশালী লিভারপুলকে। আর্নে স্লট শুরুর একাদশে ১০টি পরিবর্তন এনেছিলেন, যা শেষ পর্যন্ত দলের জন্য কাল হয়ে দাঁড়ায়।

শুক্রবার রাতে টটেনহ্যামের বিপক্ষে জয় পাওয়া লিভারপুল দল থেকে একাদশে ১০টি পরিবর্তন করেন স্লট। স্কোয়াডে রাখা হয়নি মোহামেদ সালাহ, কোডি গাকপো ও ভার্জিল ফন ডাইককে। অপেক্ষাকৃত তরুণ দল নামিয়ে হোঁচট খেল রেডসরা।

পরাজয়ের পরও নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন স্লট। তিনি বলেন, 'আমরা সব কিছুই নির্দিষ্ট কারণেই করি। মৌসুমে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে, তাই যারা আজ খেলেছে, তাদের গেম রিদম দরকার ছিল।'

তবে দলের আক্রমণভাগের পারফরম্যান্সে হতাশ লিভারপুল কোচ। 'আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি। প্লাইমাউথ কঠোর পরিশ্রম করেছে, নিজেদের উজাড় করে দিয়েছে। তাই তারা হয়তো কিছুটা ভাগ্যের সাহায্যও পেয়েছে,' বলেন স্লট।

এই জয়ের পরও প্লাইমাউথ এখনও অবনমন অঞ্চলে রয়েছে, তবে দলটির আত্মবিশ্বাস বেড়েছে অনেক। কোচ মিরন মুসলিচ এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত হিসেবে দেখছেন। তবে তার লক্ষ্য আরও বড়, 'সবচেয়ে বড় মুহূর্ত আসবে তখন, যখন আমরা লিগে টিকে যাব।'

তিনি আরও বলেন, 'আমরা চেয়েছিলাম নিজেদের গুছিয়ে খেলতে, সাহস দেখাতে, আক্রমণে তীব্রতা আনতে। আমাদের প্রতিরক্ষাকে উপভোগ করতে হতো, আর আমরা সেটাই করেছি।'

বড় জয় সত্ত্বেও উদযাপন সীমিত রাখছেন মুসলিচ। সামনে বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচ মিলওয়ালের বিপক্ষে। তাই তার পরিকল্পনা সাদামাটা, 'আমি বাসায় যাব, ম্যাচটা আবার দেখব, কিছু নাচোস খাব আর ফ্যান্টা পান করব। আমার জন্য খুব একটা রোমাঞ্চকর কিছু না। তবে সমর্থকদের আনন্দ করা উচিত!'

এই জয়ের ফলে প্লাইমাউথের আত্মবিশ্বাস তুঙ্গে, আর লিভারপুল? এফএ কাপ থেকে ছিটকে গিয়ে স্লটের পরিকল্পনা নিয়েই উঠছে বড় প্রশ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত