চকরিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী গ্রীনলাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক বাইক আরোহী। এ সময় আহত হয়েছেন অপর আরোহী। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচরের নলবিলাস্থ ডলমপীর শাহ্ মাজার এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। 

নিহত বাইক আরোহীর নাম মোহাম্মদ জিশান (২৮)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার আবাসিক এলাকার ছৈয়দ আহমদের পুত্র। তবে আহত অপর আরোহীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। 

মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (ইন্সপেক্টর) মো. আরিফুল আমিন জানান, চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলযোগে আলীকদম থেকে বান্দরবান জেলা সদরে যাচ্ছিলেন মামলার হাজিরা দিতে। তন্মধ্যে একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী গ্রীনলাইন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী জিশান। 

তিনি আরও জানান, খবর পেয়ে অকুস্থল থেকে হতাহতের উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত