ভৈরবে শিয়ালের কামড়ে আহত ১৫ 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে দুইদিনে শিয়ালে কামড়ে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ও ৯ ফেব্রুয়ারি একজন চিকিৎসা নিয়েছে৷ 

এ ঘটনায় আহতরা হলেন— শহরের কমলপুর এলাকার ঝরনা বেগম (৫৫), শফিক মিয়া (৫০), ফরিদ মিয়া (৬৫), রুনা (৩৫), বৃষ্টি আক্তার (৩০),  শিশু আদিবা (৬), রিনা বেগম (৩৬), উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকার জেসমিন বেগম (২৮) ও শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মো. ওয়াজ উদ্দিন (৬৫)। এদের মধ্যে গুরুতর আহত ওয়াজ উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা। এ ঘটনায় আহত অন্যান্যরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

স্থানীয়রা জানান, ৯ ফেব্রুয়ারি রবিবার বিকালে উপজেলার গোছামারা গ্রামের কৃষক ওয়াজ উদ্দিন বাড়ির পাশে জমিতে ঘাস কাটছিলেন। হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তাকে কামড়ানো শুরু করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে শিয়ালটিকে ধাওয়া করে। পরে গুরুতর আহত অবস্থায় ওয়াজ উদ্দিনকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করেন৷ 

একই দিন মধ্যরাতে শহরের কমলপুর পশ্চিম পাড়া, নিউটাউন ও আমলা পাড়া এলাকায় শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় নিউটাউন এলাকার লোকজন একটি পাগলা শিয়ালকে মেরে ফেলেন। 

সোমবার ৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। 

এ বিষয়ে আহতের স্বজন সাব্বির হোসেন সামির বলেন, রাতে আমাদের কমলপুর এলাকায় শিয়াল আতঙ্কে আমরা ঘুমাতে পারিনি। আমার আত্মীয় বৃষ্টি এবং হালিম মিয়া ও এলাকার বৃদ্ধ, নারী, শিশুসহ বেশ কয়েকজনকে শিয়াল কামড় দিয়েছে। শুনেছি নিউটাউন এলাকায় একটি পাগলা শিয়ালকে মেরে ফেলা হয়েছে। আমরা রাত জেগে শিয়াল আতঙ্কে পাহারা দিয়েছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া নাজমুন প্রভা বলেন, আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শিয়াল ও কুকুরের কামড়ে আহত হলে অবশ্যই ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শে ভ্যাকসিন নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত