নতুন মূসক বা ভ্যাট নিবন্ধন প্রদানে গত ছয় মাসে (আগস্ট-জানুয়ারি) ২৬ শতাংশ বৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।
তিনি আরও বলেন, মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যার ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে বিগত একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দেওয়ার মাধ্যমে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।
মো. আল আমিন শেখ বলেন, ২০২৩ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪টি। কিন্তু ২০২৪ সালের আগস্ট মাসে নিবন্ধন সংখ্যা কমে ৪ হাজার ২২৮টি হয়। অর্থাৎ একই সময়ের তুলনায় নতুন নিবন্ধন সংখ্যা ২৫ শতাংশ কমে যায়। পরে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্তকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেন। ফলে পরবর্তী ছয় মাসে অর্থাৎ আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ সময়ে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পায়।
নতুন ভ্যাট নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে এনবিআর এরই মধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে জানিয়ে তিনি বলেন, ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত ও ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আওতায় রাখা হয়েছে। মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
