ক্রিকেট ইতিহাসে নতুন এক কলঙ্কের অধ্যায় যোগ হলো। বাংলাদেশের অফস্পিনার সোহেলি আক্তার হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া প্রথম নারী ক্রিকেটার। ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ম্যাচ ফিক্সিং প্রস্তাব, ঘুষ দেওয়ার চেষ্টা এবং তদন্ত বাধাগ্রস্ত করার অপরাধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে এক নারী ক্রিকেটারকে ‘হিট উইকেট’ হয়ে সাজঘরে ফেরার বিনিময়ে ২০ লাখ টাকা উৎকোচ দেওয়ার প্রস্তাব দেন সোহেলি। তবে প্রস্তাব পাওয়ার পরপরই ওই খেলোয়াড় বিষয়টি রিপোর্ট করেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটে (আকসু)।
ফিক্সিংয়ের প্রস্তাবের সমস্ত প্রমাণ মুছে ফেলতে চেয়েছিলেন সোহেলি। তিনি ফেসবুক মেসেঞ্জারে পাঠানো ভয়েস নোট মুছে ফেলেন এবং আইসিসির তদন্তের সময় দাবি করেন, তিনি শুধুমাত্র এক বন্ধুর কাছে প্রমাণ দিতে চেয়েছিলেন যে বাংলাদেশ দল ফিক্সিংয়ে জড়িত নয়। কিন্তু আইসিসির তদন্তে দেখা যায়, তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করেছেন এবং মিথ্যা তথ্য দিয়েছেন।
আইসিসির তদন্তে উঠে আসে সোহেলি মিথ্যা তথ্য দিয়ে স্ক্রিনশট তৈরি করেছিলেন যা পরে মেটাডাটা বিশ্লেষণ করে ধরা পড়ে। তিনি এক বছর ধরে একজন সন্দেহভাজন ফিক্সিং চক্রের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তদন্তের সময় তিনি সাক্ষ্যপ্রমাণ নষ্ট করেছেন এবং তদন্ত বাধাগ্রস্ত করেছেন।
আইসিসির দুর্নীতি দমন সংবিধানের পাঁচটি ধারা লঙ্ঘনের কারণে সোহেলি আক্তারকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি বা আইসিসি কেউই আপিল করতে পারবেন না।
নারী ক্রিকেটে এটি প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের দায়ে তদন্ত শেষ করে শাস্তির ঘোষণা করা হলো। একদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি এক বড় দুঃসংবাদ, অন্যদিকে খেলাটিকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে আইসিসির কড়া অবস্থানেরও প্রমাণ। এ নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘আকসু তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তাকে এই শাস্তি দিয়েছে। সে শাস্তিটা মেনেও নিয়েছে। সুতরাং আইসিসির যে নিয়ম রয়েছে সেটাই এখন প্রয়োগ করা হবে।’
২০১৩ সালে অভিষক হওয়া এই ক্রিকেটার দেশের হয়ে দুটি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবশেষ ২০২২ সালের এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন সোহেলি।
