বাংলাদেশের বর্তমান ঘটনাপ্রবাহ সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। গত সোমবার নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় শশী থারুর বলেন, ভারত কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে এ বিষয়ে বাংলাদেশকে নয়াদিল্লির স্পষ্ট বার্তা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ইস্যুকে স্পর্শকাতর উল্লেখ করে সতর্কতা জানিয়ে শশী থারুর বলেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এই ধারণা দেওয়া উচিত যে, বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, একটি দেশ কে শাসন করবে তা আপনি ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এই মুহূর্তে এটাই আমাদের করতে হবে।
তবে একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে বলেও স্বীকার করেন শশী থারুর। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। দুই দেশের মধ্যকার পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এমন বিষয় এড়িয়ে যাওয়া এবং নিজেদের জনগণের স্বার্থ বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সেই সঙ্গে তিনি বলেন, আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়। তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে যোগ করেন তিনি।
