মুন্সীগঞ্জ

কৃষি জমিতে মিলল স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম

মুন্সীগঞ্জ সদরে চরাঞ্চলের কৃষি জমিতে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চরবাংলা বাজার গ্রামের কৃষি জমি থেকে ছাত্রের লাশ উদ্ধার করে।

নিহত স্কুল ছাত্রের নাম শাহজালাল বেপারী (১৬)। তিনি পাশ্ববর্তী জেলার টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের রাজাবাড়ির চর গ্রামের আনোয়ার বেপারীর ছেলে। শাহজালাল বেপারী দীঘিরপাড় এসি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, আগের দিন মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি স্কুল ছাত্র শাহজালাল। এদিকে বুধবার দুপুরে চর বাংলাবাজার গ্রামের কৃষি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত