ড্রিবলিং আর ঝলক দেখিয়েও জিততে পারলেন না নেইমার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

ফ্ল্যাশবাল্বের ঝলকানি, গ্যালারির প্রতিক্রিয়া, প্রতিপক্ষের কড়া মার্কিং—সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। বল পায়ে নিলে করিন্থিয়ান্স ডিফেন্ডারদের মনে অস্থিরতা, প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ছিল। ড্রিবলিং করেছেন, প্রতিপক্ষকে নাচিয়েছেন, গোলের কাছাকাছিও পৌঁছেছিলেন। কিন্তু সব মিলিয়েও পরাজয়ের গ্লানি এড়াতে পারেননি তিনি—সান্তোস ক্যাম্পিওনাতো পাউলিস্তার ৯ম রাউন্ডে করিন্থিয়ান্সের কাছে ২-১ গোলে হেরে গেছে।

ম্যাচের শুরু থেকেই নেইমার ছিলেন আক্রমণের মূল অস্ত্র। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার চেষ্টায় দুইবার শট নিয়েছেন, ফাউলের শিকার হয়ে দুই করিন্থিয়ান্স খেলোয়াড়কে হলুদ কার্ড দেখতে বাধ্য করেছেন, এবং সতীর্থদের জন্য একাধিক সুযোগ তৈরি করেছেন। তিনি ২৭টি সফল পাস দিয়েছেন, ৭টি ভুল পাস করেছেন।

ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, 'আমরা দারুণ শুরু করেছিলাম, নিজেদের খেলা চাপিয়ে দিয়েছিলাম। কিন্তু ছোট ছোট ভুলের খেসারত দিতে হয়েছে। এখন সামনে তিনটি ফাইনালের মতো ম্যাচ, সেগুলোতেই সব ঠিক করতে হবে।'

সান্তোসের পরিকল্পনা ছিল করিন্থিয়ান্সকে প্রথম থেকেই চাপে রাখা। নেইমার বারবার প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করছিলেন। একবার করিন্থিয়ান্সের ডিফেন্ডার হোসে মার্তিনেজের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান, যার ফলে সাইডলাইনে উত্তেজনার সৃষ্টি হয়।

একটি সুযোগে নেইমার দূরপাল্লার শট নেন, যা করিন্থিয়ান্স গোলরক্ষক হুগো সাউজা দুর্দান্ত সেভ করেন। এরপর ২৭ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার শটও সাউজা আটকে দেন।

নেইমার তার খেলার ধরণ বদলাননি। একবার দুই ডিফেন্ডারকে কাটিয়ে সতীর্থ গিলেরমেকে বল দেন, কিন্তু তিনি সময় নষ্ট করায় সুযোগ হাতছাড়া হয়। করিন্থিয়ান্সের খেলোয়াড় রানিয়েলে ও রায়ান তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন।

তবে নেইমার নিজেও কিছু ভুল করেছেন। একটি মুহূর্তে বল হারিয়ে ফেলেন, যা করিন্থিয়ান্সের দ্বিতীয় গোলের আক্রমণের সূচনা করে।

ম্যাচের ৬৬ মিনিটে তিনি মাঠ ছাড়লে করিন্থিয়ান্স সমর্থকরা বিদ্রুপ করতে থাকে। নেইমারও চুপ ছিলেন না—গ্যালারির দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি দেন এবং বাতাসে চুমু ছুঁড়ে দেন।

ম্যাচ শেষে করিন্থিয়ান্সের ডাচ খেলোয়াড় মেম্ফিস ডিপের সাথে জার্সি বদল করেন নেইমার

এই হারের পর সান্তোস এখন গ্রুপ বি-এর তৃতীয় স্থানে, নকআউট পর্বে ওঠার সুযোগ ধরে রাখতে হলে সামনে ম্যাচগুলো জিততেই হবে। আগামী রবিবার, ভিলা বেলমিরোতে আগুয়া সান্তার বিপক্ষে রাত ৮:৩০টায় মাঠে নামবে সান্তোস।

নেইমারের ব্যক্তিগত জাদু মাঠে থাকলেও দলীয় পারফরম্যান্সে ঘাটতি থাকায় জয় হাতছাড়া হয়েছে। পরবর্তী ম্যাচে তিনি কি পার্থক্য গড়ে দিতে পারবেন? সময়ই বলে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত