চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী দুই বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এবং এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় পৃথক এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া।

নিহতরা হলেন, চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা জাকির আহমদ (৬০) এবং বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)।

স্থানীয়দের বরাতে মনজুর কাদের ভুঁইয়া বলেন, সকাল ১০টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় জাকির আহমদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সকাল ১১ টার দিকে এবিসি আঞ্চলিক সড়কের বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় পৃথক মোটরসাইকেলের ধাক্কায় ফকির মোহাম্মদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মনজুর কাদের বলেন, সকালে বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় ফকির মোহাম্মদ নিজের ফসলি জমিতে চাষ দিতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ব্যাপারে কোনও ধরনের অভিযোগ না জানানোয় লাশ স্ব স্ব স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত