রাজধানীতে মাথা থেঁতলে নারীকে হত্যা, থানায় গিয়ে স্বামীর দায় স্বীকার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

রাজধানীর দক্ষিণখানের নর্দ্দাপাড়ায় পারভীন (৩০) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, দক্ষিণখান থানায় গিয়ে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন পারভীনের স্বামী জামিনুর রহমান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ হত্যার ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পারভীন তার স্বামীর সঙ্গে নর্দ্দাপাড়ায় থাকতেন। তারা দুজনেই দক্ষিণখানের একটি পোশাক কারখানার শ্রমিক। দুজনের আগে অন্যত্র বিয়ে হয়েছিল। প্রত্যেকেরই আগের ঘরে একটি করে ছেলেসন্তান রয়েছে। তারা তাদের দাদা-দাদি ও নানা-নানির সঙ্গে থাকে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নর্দ্দাপাড়ার বাসায় পারিবারিক বিষয়াদি নিয়ে পারভীনের সঙ্গে তার স্বামীর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জামিনুর শিল দিয়ে পারভীনের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে পারভীনের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলে মারা যান।

পুলিশ কর্মকর্তা বলেন, পরে জামিনুর দক্ষিণখান থানায় এসে বলেন, তিনি স্ত্রীকে হত্যা করেছেন। এ জন্য তিনি অনুতপ্ত। তাকে যেন গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

সুমন কুমার বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় করা মামলায় জামিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। পারভীনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত