অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে টানা একাদশ সিরিজ অপরাজিত থাকল শ্রীলঙ্কা। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল দাসুন শানাকার দল।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে অস্ট্রেলিয়া। শেষ উইকেট হিসেবে অ্যাডাম জাম্পাকে বোল্ড করেন ভেল্লালাগে, তার দুর্দান্ত আর্ম বল সরাসরি ভেঙে দেয় মিডল স্টাম্প, নিশ্চিত হয় শ্রীলঙ্কার সহজ জয়।
শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো শুরুতেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ট্রাভিস হেড, ম্যাথু শর্ট ও জেক ফ্রেজার-ম্যাকগার্ককে ফিরিয়ে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। এরপর হাসারাঙ্গা ও ভেল্লালাগের ঘূর্ণি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে একেবারে ছিন্নভিন্ন করে দেয়। দুই স্পিনার মিলে মাত্র ৫৮ রানের খরচায় তুলে নেন ৭ উইকেট!
এ সিরিজে গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি স্পষ্টভাবে ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। স্পিনের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ দলটির আরও গভীর সমস্যার ইঙ্গিত দেয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবে তারা, কিন্তু হোয়াইটওয়াশের পর দলটির আত্মবিশ্বাস কোথায় দাঁড়িয়ে আছে, সেটাই এখন বড় প্রশ্ন।
কোহলিকে টপকে আমলার পাশে বসলেন বাবর
স্ত্রীকে নিয়ে যেতে সিনিয়র ক্রিকেটারের আবেদন নাকচ করল বোর্ড