প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে অগ্রসর থাকতে চায় আর্সেনাল, তবে দলের ক্রমবর্ধমান ইনজুরি সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও, ম্যাচ শেষে ‘অভিযোগ নয়, চ্যালেঞ্জ নাও’ মানসিকতা নিয়ে এগোচ্ছেন মিকেল আর্তেতা।
কাই হাভার্টজ মৌসুমের বাকি অংশে মাঠের বাইরে থাকবেন—আর্সেনালের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। দুবাই ক্যাম্পে প্রশিক্ষণের সময় ফ্রি-কিক ব্লক করতে গিয়ে জার্মান মিডফিল্ডার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।
আর্তেতা বলেন, ‘আমরা দুবাইয়ে দারুণ একটা ক্যাম্প করছিলাম, রিচার্জ হচ্ছিলাম, অনুশীলন করছিলাম, প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছিলাম, এবং তারপরই এই অপ্রত্যাশিত ইনজুরি। এটা দলের জন্য বড় ধাক্কা, তবে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি এবং এখনো টিকে আছি।’
হাভার্টজের ইনজুরির সঙ্গে যোগ হয়েছে আরও কয়েকজন তারকার অনুপস্থিতি। আর্সেনালের ইনজুরির তালিকায় রয়েছেন— গ্যাব্রিয়েল মাগালহায়েস, উইলিয়াম সালিবা, বেন হোয়াইট (নভেম্বরের পর ফিরতে প্রস্তুত), তাকেহিরো তোমিয়াসু, রিকার্দো কালাফিওরি (দুই মাসের জন্য ছিটকে গিয়েছিলেন), মিকেল মেরিনো, মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা (তিন মাস ইনজুরিতে ছিলেন), গ্যাব্রিয়েল জেসুস।
তারপরও, আর্তেতা আত্মবিশ্বাসী, ‘আমরা এই অবস্থান পর্যন্ত পৌঁছেছি, এখনো শিরোপার লড়াইয়ে আছি। তাই এই চ্যালেঞ্জটা নিয়েই আমরা এগিয়ে যাব।’ সাকা দ্রুত ফিরতে পারবেন কিনা, সেই প্রশ্নে আর্তেতা স্পষ্ট করে বলেছেন, তাড়াহুড়ো করা হবে না। আর্সেনাল কোচ বলেছেন, ‘তার কোনো নতুন সমস্যা নেই, সে ঠিক আছে, তবে আমরা সময় নিচ্ছি।’
লিভারপুলের এভারটনের বিপক্ষে ২-২ গোলে ড্র শিরোপা দৌড়ে নতুন সমীকরণ তৈরি করেছে। আর্তেতা মনে করেন, এই পয়েন্ট হারানো আর্সেনালের জন্য বাড়তি প্রেরণা হতে পারে। তিনি বলেন, ‘যখন পয়েন্টের ব্যবধান কমতে থাকে, তখন তা ইতিবাচক অনুভূতি দেয়। এই মুহূর্তটা আমরা কাজে লাগাতে চাই।’
সামনের সপ্তাহগুলো আর্সেনালের জন্য নির্ধারণী হতে চলেছে। ইনজুরি সংকট থাকলেও, লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে তারা নিজেদের শক্ত অবস্থানে রাখতে চায়। আর্তেতার কথায়, ‘এই দলটা কী দিয়ে তৈরি, সেটাই এখন প্রমাণের সময়।’
রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে ম্যানসিটিতে ইনজুরির থাবা
সংখ্যাই বলছে রোনালদোর চেয়ে মেসি সেরা, ডি মারিয়া