বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন থেকে শুধু ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম

বাংলাদেশের ঐতিহাসিক ক্রীড়া ভেন্যু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন নামকরণ অনুযায়ী, এখন থেকে এটি পরিচিত হবে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ নামে। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর আগে, দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের অংশ হিসেবে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। 

এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকেও আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অবহিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

পল্টনের এই স্টেডিয়ামের ইতিহাস দীর্ঘ দিনের। স্বাধীনতার আগে থেকেই এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হতো। পাকিস্তান আমলে এটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল, যেখানে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছে। স্বাধীনতার পর, এই স্টেডিয়ামই হয়ে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’। 

এই স্টেডিয়ামে আশির দশক ও নব্বইয়ের দশকের শুরুতে ফুটবল ও ক্রিকেট উভয়ই অনুষ্ঠিত হতো। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চালু হওয়ার পর, ধীরে ধীরে পল্টনে ফুটবল এবং মিরপুরে ক্রিকেট স্থানান্তরিত হয়। ২০০৫ সাল থেকে মিরপুরই হয়ে ওঠে দেশের ক্রিকেটের একমাত্র আন্তর্জাতিক ভেন্যু, আর পল্টনে ফুটবল ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে থাকে। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং অ্যাথলেটিক্স ফেডারেশন এই স্টেডিয়াম ব্যবহার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত