জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গীবাড়ির সিদ্বেশ্বরী বাজারে সুমন চোকদার ও আমিনুল চোকদারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমিনুল ইসলাম (৩২), রুপক চোকদার (৪২), রাকিব কবিরাজ (৩০), সজিব চোকদার (৩৪), মাসুম শেখ (৩৬), দীপু মজুমদার (৪০) ও শিপন শেখকে (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গনাইসার গ্রামের সুমন চোকদার ও আমিনুল চোকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার দুপুর ১২ টার দিকে আমিনুল চোকদার ও তার ভাই রূপক সিদ্বেশ্বরী বাজারে যায়। এ সময় তাদের ওপর হামলা করে সুমন চোকদার ও স্বপন শেখের নেতৃত্বে একদল লোক হামলা করে। আমিনুল ও তার ভাইকে বাঁচাতে কয়েকজন এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আহত আমিনুলের বোন জুই আক্তার জানান, দাদার জানাজা শেষে আমার ২ ভাই সিদ্ধেশ্বরী বাজারে গেলে সুমন চোকদার ও স্বপন শেখের নেতৃত্বে হামলা করে। এ সময় তাদের মারধর শুরু করে। আমার ভাইদের বাঁচাতে কয়েকজনকে এগিয়ে গেলে তাদেরও মারধর করে।
সুমন চোকদারের পক্ষে হামলার সঙ্গে জড়িত স্বপন শেখ বলেন, আমরা কাউকে মারিনি। সিদ্বেশ্বরী বাজারে গেলে উল্টো আমাদের মারধর করেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সেলফি তোলাই কাল হলো জুনায়েদের
ভালোবাস দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর