ত্রিদেশীয় সিরিজ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শেষ করেছে পাকিস্তান। তবে প্রস্তুতিটা আশানুরূপ হয়নি তাদের। শুক্রবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গেছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান ২৪২ রানে অলআউট হয়। কিউইরা ২৮ বল বাকি থাকতে জয় পায়। পাকিস্তানের আগে ব্যাট করাকেই এ হারের কারণ বলছেন, আহমেদ শেহজাদ।
ত্রিদেশীয় এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫২ তাড়া করে জিতেছিল পাকিস্তান। নিউজিল্যান্ডও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তিনশোর ওপরে রান তাড়া করে। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে আহমেদ শেহজাদ বলেন, ‘এটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত, কারণ আগের ম্যাচগুলোতেই দেখেছি এখানে রাতে উইকেট ব্যাটিং সহায়ক হয়ে যায়, স্পিনারদের বল উইকেটে গ্রিপ করে না। তবু পাকিস্তান আগে ব্যাটিং নিয়েছে। মাথায় ঘিলু না থাকলে এমন সিদ্ধান্ত নেয়, কোনো ধারণাই নেই।’
