ম্যানইউর ২০০ কর্মী ছাঁটাই: আমোরিম বললেন, ‘দায় আমাদের’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডে আরও ২০০ কর্মী ছাঁটাই হতে চলেছে, যার জন্য দায় নিচ্ছেন ক্লাবের কোচ রুবেন আমোরিম। ক্লাবের মাঠের পারফরম্যান্সের সঙ্গে আর্থিক অবস্থা ও কর্মসংস্থান যে সরাসরি সম্পর্কিত, সেটাই স্বীকার করেছেন তিনি।

ইনিয়োস মালিকানাধীন ইউনাইটেডে সংখ্যালঘু শেয়ারহোল্ডার স্যার জিম র‍্যাটক্লিফ ক্লাবের দীর্ঘদিনের আর্থিক অব্যবস্থাপনা সামলাতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই ছাঁটাই কার্যক্রম চালাচ্ছেন। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যর্থ দলবদল নীতিও ইউনাইটেডের বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ।

এদিকে, নতুন ধাক্কা খেলেন আমোরিম। ইনজুরিতে ছিটকে গেছেন ইন-ফর্ম উইঙ্গার আমাদ দিয়ালো। অনুশীলনে পাওয়া গোড়ালির চোটের কারণে মৌসুমের বাকি অংশে আর মাঠে নামা হবে না আইভোরিয়ান তারকার। গত ১৪ ম্যাচে ৬ গোল করা দিয়ালোর এই অনুপস্থিতি ইউনাইটেডের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চোট পেয়েছেন মিডফিল্ডার মানুয়েল উগার্তে ও টবি কোলিয়ারও।

রবিবার টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ইউনাইটেড এখন ১৪তম স্থানে, যেখানে স্বাগতিকরা রয়েছে ১৩তম অবস্থানে। গত ২২ ম্যাচে মাত্র পাঁচটি জয় পাওয়া এই দুই দলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ক্লাবের কর্মীদের মনোবল নিয়ে প্রশ্ন করা হলে আমোরিম বলেন, 'আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের এটা এড়িয়ে গেলে চলবে না। মানুষ তাদের চাকরি হারাচ্ছে, কারণ মাঠের পারফরম্যান্স ভালো নয়। আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই, রাজস্ব কমেছে। অতীতে অনেক টাকা ব্যয় করা হয়েছে, এখন আমাদের সতর্ক থাকতে হবে। কর্মীরা চাকরি হারাচ্ছেন, এটা স্বাভাবিকভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলবে। এটা আমাদেরই সমস্যা।'

তিনি বলেন, 'আমাদের দায়িত্ব হলো পরিস্থিতি বদলানো। টটেনহ্যামের বিপক্ষে জয় পাওয়া ছোট একটি ধাপ হতে পারে। আমরা জিতলে ক্লাবের রাজস্ব বাড়বে, টিকিটের দাম বাড়াতে হবে না, কর্মীদেরও নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।'

ম্যানচেস্টার ইউনাইটেডে আগেও ছাঁটাই হয়েছে। গত শরৎ ও শীতকালে ২৫০ কর্মী বিদায় নিয়েছিলেন। এবার নতুন করে ২০০ জনকে চাকরি হারাতে হচ্ছে। একই সঙ্গে দলবদলের পরিকল্পনায়ও ব্যাপক পরিবর্তন আনতে হচ্ছে ইউনাইটেডকে। নতুন খেলোয়াড় আনার আগে পুরনোদের বিক্রি করতেই হবে। শীতকালীন ট্রান্সফারে কেবল ২০ বছর বয়সী ডিফেন্ডার প্যাট্রিক ডরগুকে ২৫.২ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছে ইউনাইটেড।

আমোরিমের ৩-৪-৩ কৌশলে দলকে খাপ খাওয়াতে সময় লাগছে। তিনি বলেন, 'আমরা এখনো সঠিকভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। তবে আমি আমার কৌশলে বিশ্বাস করি এবং সেটার উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

ম্যানচেস্টার ইউনাইটেড এখন আমোরিমকে পূর্ণ সমর্থন দিচ্ছে, তবে মাঠের পারফরম্যান্সের উন্নতি আনতেই হবে। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটি সেই পরিবর্তনের সূচনা করতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত