আওয়ামী নেতা আক্তারুজ্জামানের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি খান মো. আক্তারুজ্জামানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ রবিবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর-ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় এই মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী আক্তারুজ্জামান ওরফে আক্তার হোসের ফাঁসির দাবি করেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের আর্শীবাদ পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকার ত্রাস হয়ে ওঠেন আক্তার। গুম-খুন চক্রের গডফাদার এবং বিভিন্ন ধরনের প্রতারণা সঙ্গে জড়িত তিনি। ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকায় কথিত অনলাইন প্রপার্টিজের অফিস করে বেসিক ব্যাংক থেকে প্রায় ১৩৬ কোটি টাকা ঋণ নেন আক্তার। পরে সেই ঋণ পরিশোধ না করে টাকা পাচার করেন বিদেশে। এ ছাড়া ইসিবি চত্বর এলাকার আশপাশের শতাধিক অসহয় মানুষদের ভিটামাটি দখল করে নিঃস্ব করেছেন তিনি।

আক্তারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও হামলার ঘটনায় মামলাও হয়েছে। জানা গেছে, আন্দোলনের শুরু থেকে ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর, মাটিকাটা ও ভাষানটেক এলাকায় আন্দোলনকারীদের দমাতে তার নেতৃত্বাধীন কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ মানুষের ওপর ঝাপিয়ে পড়ে এবং আন্দোলনকারীদের হয়রানি করতে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় গত ৫ আগস্টের পূর্বে মামলা করে। সরকার পতনের দিন মিরপুর ১৪ নম্বরে বিজয় মিছিলরত ছাত্র জনতার ওপর নির্মমভাবে গুলি চালিয়ে ফজলু নামে এক ব্যক্তিকে হত্যা করেন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বরে ভাষানটেক থানায় হত্যা মামলা হলে তার ২২ নম্বর আসামি আক্তার। এ ছাড়া এই আক্তারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছাত্র জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হলেও এলাকাবাসীর দাবি তিনি আত্মগোপনে থেকে আটকের নাটক করছেন।

ভুক্তভোগী মায়ের দোয়া হোটেলের মালিক স্বপনা আক্তার বলেন, আক্তার নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মেয়ের উকিল শ্বশুর পরিচয় দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সাধারণ মানুষের জমি দখলে নিতে থানা পুলিশ ও ডিবিকে ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ভুয়া মামলা দিয়ে হয়রানি করতেন।

আক্তারুজ্জামানের হয়রানি থেকে বাঁচতে ও গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের শেখ মো. সাজ্জাত আলীর কাছে পৃথক দুটি লিখিত অভিযোগও দেন ভুক্তভোগী ব্যবসায়ী নাজিম উদ্দিন ভূইয়া। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত