ফেনীতে সালাউদ্দিন আহমেদ

ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, কোনো বাহানায় বিলম্বিত করবেন না

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

নির্বাচনমুখী সংস্কারে মনোযোগ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্পষ্টভাবে বলতে চাই— চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে। কোনো বাহানায় নির্বাচন বিলম্বিত করবেন না৷ যারা আগে স্থানীয় সরকার নির্বাচন যারা চায় তাদের মতলব কি জানতে হবে। তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ফেনীর মিজান ময়দানে এক জনসভা তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি এ জনসভা আয়োজন করে।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যেহেতু তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে হত্যাযজ্ঞ করেছে। উদাসীন থাকলে হবে না, সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। উপদেষ্টা পরিষদে যারা ফ্যাসিস্টের দোসর রয়েছে তাদের সরাতে হবে। 

তিনি বলেন, আসছে রমজান যেভাবে পারেন, বাজারে পণ্য সরবরাহ বাড়ান। বাজার স্থিতিশীল করেন। মানুষ সংস্কারের চাইতে সংসার বেশি বোঝে, অতএব সংস্কার সংস্কার না করে বাজার নিয়ন্ত্রণ করুন। 

এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত খুনি বলে মন্তব্য করেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু,বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক হারুন রশীদ ভিপি হারুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ জনি, রেহানা আক্তার রানু, অ্যাডভোকেট সাহেনা আক্তার সানু, ফেনীর পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, জিয়া উদ্দিন মিস্টার ও আবু তালেব। 

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্লাহ মানিক, প্রফেসর এম এ খালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ভূইয়া, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মহিলা দলের সভানেত্রী জুলেখা আক্তার ডেইজি, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত