মাথাব্যথা হয় না, এমন লোক খুব কমই পাওয়া যাবে। প্রতিদিন মাথাব্যথা অথবা মাথাব্যথা সহজে সারছে না এর সঙ্গে অন্যান্য উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কেন হয় : মাইগ্রেনের মাথাব্যথায় বমি ভাব, ক্ষুধামান্দ্য, আলোর প্রতি সংবেদনশীলতা ইত্যাদি থাকে। অনেকের মাথাব্যথার শুরুতে কানে এক ধরনের বোঁ বোঁ শব্দ অনুভূত হয়। মাথার এক পাশ বা দুই পাশে ব্যথা অনুভূত হতে পারে। দুশ্চিন্তা, ক্ষুধা, ঘুমের ব্যত্যয়, বিশেষ কোনো খাবার, পরিবেশ ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত। মেয়েদের হরমোন পরিবর্তনের কারণেও হতে পারে। কিছু কিছু বিষয় মাথাব্যথাকে উসকে দেয়। এটিকে বলা হয় ট্রিগারিং ফ্যাক্টর। নির্দিষ্ট সময় পর নিজ থেকে এই মাথাব্যথা সেরেও যায়।
সাইনাসজনিত মাথাব্যথা সাধারণত সাইনুসাইটিস বা সাইনাসের প্রদাহের কারণে হয়ে থাকে। সাধারণত কপালে ও চোখের পাশে একটু গভীরে অনুভূত হয় এবং মাথা নড়াচড়া করলে বা কাশি দিলে
ব্যথার তীব্রতা বেড়ে যায়। সাধারণত সকালের দিকে বেশি অনুভূত হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতা কমে যায়। এর সঙ্গে ঠান্ডা কাশি ও অ্যালার্জির সম্পর্ক থাকে। মস্তিষ্কে টিউমার হলে তীব্র মাথাব্যথা, সঙ্গে প্রায়ই বমি এবং খারাপের দিকে যেতে থাকে এবং অনেক সময় দৃষ্টি সমস্যা দেখা দেয়।
চিকিৎসা : চোখের সমস্যার কারণেও মাথাব্যথা হয়। তার মধ্যে অন্যতম হলো আই স্ট্রেইন এবং দৃষ্টি সমস্যা। আই স্ট্রেইন হলো চোখের অতিব্যবহারজনিত এক ধরনের অবসাদ বা ক্লান্তি, যেখানে মাথাব্যথা হয়ে থাকে। দৃষ্টি সমস্যার কারণে, সঠিক নিয়মে চশমা না পরলে, দীর্ঘ সময় স্ক্রিনে (মোবাইল, ল্যাপটপ ইত্যাদি) থাকলে, পড়াশোনা, ড্রাইভিং ইত্যাদি কারণেও আই স্ট্রেইন হতে পারে। আই স্ট্রেইনের মাথাব্যথা দীর্ঘস্থায়ী বা খুব তীব্র হয় না। সাধারণত বিশ্রামে কমে যায়। দিন শেষে বা সন্ধ্যার সময় আই স্ট্রেইনের সমস্যা বৃদ্ধি পায়। সঙ্গে অন্যান্য সাময়িক উপসর্গ, যেমন চোখ জ্বালাপোড়া, চোখে পানি পড়া, আলোর প্রতি সংবেদনশীলতা, চোখে শুষ্কভাব, ঘাড়ব্যথা ইত্যাদি থাকতে পারে। স্ক্রিনটাইম ও রাত জাগা কমিয়ে ফেলতে হবে। যারা মোবাইল, ল্যাপটপ ইত্যাদি স্ক্রিনে অধিক সময় কাজ করেন, তাদের জন্য চোখে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। প্রয়োজনে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
