আজ থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ। নারীদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর শুরুর আগের দিন গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে হয়েছে ট্রফি উন্মোচন। এবারই প্রথম মাঠে গড়ানোর কথা ছিল নারীদের বিপিএল। বিসিবি সেটি আয়োজন করতে ব্যর্থ হয়েছে, এমনকি রূপালী ক্রীড়া পরিষদের বিকল্প কোনো ক্লাব আনতে না পারায় ৯টি দল নিয়েই হতে যাচ্ছে এবারের আসর। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তাই উপস্থিত ছিলেন ৯ অধিনায়ক।
এবারের লিগ পর্বের ভেন্যু ঠিক হয়েছে তিনটি, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠ। উদ্বোধনী দিনে মিরপুরে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেলটেক ক্রিকেট একাডেমি। প্রথম ম্যাচের আগে মোহামেডান অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের ভালো দল হয়েছে। অবশ্যই চেষ্টা করব শেষবারের চ্যাম্পিয়শিপের ধারাবাহিকতা ধরে রাখতে। আমার দলের প্রতি আত্মবিশ্বাস আছে। ওরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলবে।’ মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব এবার শেলটেক নামে খেলছে। এই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করপোরেট প্রতিষ্ঠানগুলোর উইমেন্স ক্রিকেটে এগিয়ে আসাকে ইতিবাচক আখ্যা দিয়ে জানান, ‘বিশ্বকাপ বাছাইপর্বের আগে এই লিগটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা বেটার ক্রিকেট খেলতে পারলে তার প্রভাব আমাদের বাছাইপর্বে পড়বে।’
এ ছাড়া বিকেএসপিতে খেলবে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে নামবে গুলশান ইয়ুথ ক্লাব। এই ক্লাবের কোচ হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। অধিনায়ক রাবেয়া খানের কণ্ঠে তাই ঝরল প্রশংসা, ‘আমরা খুবই খুশি ভাইয়াকে (মোহাম্মদ আশরাফুল) পেয়ে। ভাইয়া আমাদের ব্যাটারদের নিয়ে অনেক কাজ করছেন। তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমাদের দলটা বেশ ব্যালান্সড। আশা করি আমরা ভালো একটা ফাইট দিতে পারব।’ বৃহস্পতিবার বিকেএসপিতে স্বাগতিক দল মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দলের। সব ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
