‘ফাইনাল খেলবে বাংলাদেশ ভারত’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু আজ। এবার টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। তবে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরুর আগেই তর্ক-বিতর্ক চলছে। কোন দল হবে চ্যাম্পিয়ন, ডার্ক হর্স কোন দল? কোন চার দল খেলবে সেমিফাইনাল? এসব নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞরা।

এবারের টুর্নামেন্টের ভবিষ্যৎ বাণী করতে গিয়ে অনেকেই সেরা চারে রেখেছেন আফগানিস্তানকে। টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে তাদের নামই উঠে এসেছে বেশিরভাগ সাবেক ক্রিকেটারের কথায়। ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মুরালি কার্তিক এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি ফাইনালিস্ট হিসেবে ভারত ও বাংলাদেশকে দেখছেন।

বীরেন্দ্র শেবাগ ডার্ক হর্স বলার পাশাপাশি সেমিফাইনালিস্ট হিসেবেও রাখেন আফগানদের। দিনেশ কার্তিক আফগানদের ডার্ক হর্স বললেও রাখেননি শেষ চারে। তার শেষ চারে ছিল ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া। বীরেন্দ্র শেবাগেরও ডার্ক হর্স আফগানিস্তান। তার সেরা চারে আছেন ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ডার্ক হর্স হিসেবে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার নাম। মাইকেল ভন নিজে ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় হলেও তার সেমিফাইনালের তালিকায় নেই ইংল্যান্ড। তিনি সেমিফাইনাল লড়াইয়ের চারে দেখছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডকে। এবার টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক কে হবেন সেই মতামতও দিয়েছেন ভন, শেবাগ, কার্তিকরা। দুটি নামই শোনা গেছে বেশি, বিরাট কোহলি আর শুবমান দিল।

২০২৩ বিশ্বকাপের পর থেকে আফগানিস্তান পাঁচটি ওয়ানডে সিরিজ খেলে জিতেছে চারটিতে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলটি ভালো করেছে। সেই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়নস ট্রফিতে কেমন করে আফগানরা সেটি দেখার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত