এসি মিলানকে বিদায় করে শেষ ষোলোয় ফিয়েনুর্দ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে প্রথম জায়ান্ট কিলার উপাধি জিতে নিয়েছে ফিয়েনুর্দ। সাতবারের শিরোপাজয়ী এসি মিলানকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে ডাচ ক্লাবটি। ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা। মঙ্গলবার রাতে সান সিরোতে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে এই কীর্তি গড়ে ফিয়েনুর্দ।

অথচ ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল এসি মিলান। কর্নার থেকে ম্যালিক থিয়াওয়ের ক্রস দারুণ হেডে জালে জড়ান সান্তিয়াগো গিমেনেজ। প্রথমার্ধে স্বাগতিকরা আরও একাধিক সুযোগ তৈরি করেছিল। একের পর এক আক্রমণে চাপে রেখেছিল ডাচ ক্লাবটিকে। কিন্তু গোল আদায় করা হয়নি।

খেলার মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে। থিও হার্নান্দেজ জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় মিলান। ১০ জনের দলকে পেয়ে আক্রমণে শান দেয় ফিয়েনুর্দ। আর তাতে সফলতা আসে ৭৩তম মিনিটে। বক্সের বাইরে থেকে বুয়েনোর ক্রস পেয়ে হেডে বল জালে পাঠান জুলিয়ান কারানজা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় আর্সেনাল কিংবা ইন্তার মিলানের মুখোমুখি হতে হবে ফিয়েনুর্দকে। 

ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের ড্র করলেও প্রথম লেগের জয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ ষোলোয় উঠেছে বেনফিকা। তবে অসহায় আত্মসমর্পন করেছে আতালান্তা। ক্লাব ব্রুজের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারের পর এবার ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছে ইতালিয়ান ক্লাবটি। ৫-২ ব্যবধানে শেষ ষোলোয় নাম লিখিয়েছে বেলজিয়ান ক্লাবটি। ড্র করেও শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত