দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন তানজিদ হাসান, কিন্তু শেষ পর্যন্ত তাকেও হারিয়ে আরও বিপদে পড়েছে বাংলাদেশ। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান, হারিয়ে ফেলেছে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট।
শুরুর ধাক্কা সামলে তানজিদ ব্যাট হাতে আত্মবিশ্বাসী ছিলেন। তৃতীয় ওভারে মোহাম্মদ শামিকে পরপর দুটি চার মেরে আক্রমণাত্মক মেজাজ দেখান তিনি। চতুর্থ ওভারে রান আউট হওয়ার শঙ্কা থাকলেও সৌভাগ্যবশত বেঁচে যান। এরপর পঞ্চম ওভারে শামিকে মিড অনের ওপর দিয়ে চার মেরে তাঁর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান।
কিন্তু এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকায় চাপ বাড়ছিল। সপ্তম ওভারে শামির বলে কাট করতে গিয়ে স্লিপে শুবমান গিলকে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ (৫)।
এরপর ব্যাটিংয়ে আসেন তাওহিদ হৃদয়। তবে মূল ধাক্কা আসে নবম ওভারে, যখন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আক্রমণে আনেন স্পিনার অক্ষর প্যাটেলকে। ওভারের দ্বিতীয় বলেই ২৫ রান করা তানজিদ উইকেটকিপার লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন। একপ্রান্ত আগলে রাখা ব্যাটার আউট হয়ে গেলে বাংলাদেশের বিপদ আরও বেড়ে যায়।
এরপর মুশফিকুর রহিমও থিতু হতে পারেননি। তৃতীয় বলেই অক্ষরের স্পিন বুঝতে না পেরে উইকেটের সামনে ধরা পড়েন তিনি, কোনো রান না করেই ফিরতে হয় তাকে। অক্ষরের সামনে তখন হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়। তবে সাতে নামা জাকের আলী অনিকের ক্যাচ স্লিপে মিস করেন রোহিত, ফলে অক্ষরের হ্যাটট্রিক হাতছাড়া হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪২/৫, ব্যাটিংয়ে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
দুই ওভারে দুই ‘ডাক’; ভয়াবহ শুরু বাংলাদেশের
যাকে নিয়ে ভারতের মাথাব্যথা, সেই নাহিদ রানা নেই একাদশে!