তামিল ও মালায়ালাম গান কঠিন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ এএম

বলিউডের প্রথম সারির সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তার গানে মুগ্ধ নয় থেকে নব্বই। বাংলা, হিন্দির পাশাপাশি অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, ওড়িয়া, গুজরাতি, মারাঠি, মালায়ালাম, নেপালি, কন্নড় ভাষায় গান গেয়ে মন জয় করেছেন শিল্পী। তবে সম্প্রতি চেন্নাই সফরে গিয়ে জনপ্রিয় গায়িকা জানালেন, তিনি সবচেয়ে কঠিন মনে করেন তামিল ও মালায়ালাম ভাষায় গান গাইতে। শিগগির শহরটিতে একটি কনসার্ট করতে চলেছেন তিনি।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে শ্রেয়া বলেন, তার সংগীতজীবন নিয়ে তিনিও অবাক হন। কারণ তার বাবা বিশ্বজিৎ ঘোষাল একজন বিজ্ঞানী ছিলেন। যদিও তামিল ভাষার গানে তার গলা মুগ্ধ করে শ্রোতাদের। তবে তিনি স্বীকার করেন তামিল ও মালায়ালাম ভাষায় গান গাওয়াটা তার কাছে সবচেয়ে কঠিন কাজ। পরে তিনি এ আর রহমানের সুর করা ‘সিলুনু ওরু কাধল’ ছবির বিখ্যাত গান ‘মুনবে ভা এন আনবে ভা’ পরিবেশন করেন।

তামিল সিনেমায় শ্রেয়ার বহু জনপ্রিয় গান রয়েছে। তার গাওয়া কিছু বিখ্যাত তামিল গান হলো ‘উন পেরাই সোল্লুম’ (আঙ্গাদি থেরু), ‘আম্মাদি আম্মাদি’ (ভিলু), ‘নীথানে’ (মের্সাল) এই গানগুলোর জন্য তিনি দুটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ পেয়েছেন।

মালায়ালাম সিনেমাতেও শ্রেয়ার কণ্ঠে বহু জনপ্রিয় গান শোনা গেছে। তার কিছু উল্লেখযোগ্য গান হলো ‘কিঝাক্কু পুক্কুম’ (আনোয়ার), ‘কান্নিনিমা নীল’ (আনোয়ার), ‘চেম্বারাথি’ (মানিক্কাকাল্লু), ‘শালভাময়’ (কালিমান্নু)। মালায়ালাম সিনেমার জন্য শ্রেয়া চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

মাত্র ১৬ বছর বয়সে সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ সিনেমায় ‘বৈরী পিয়া’ আর ‘ডোলা রে’ গেয়ে তাক লাগিয়ে দেন শ্রেয়া। ক্ল্যাসিক্যাল, ভজন, গজলেও বেশ পারদর্শী তিনি। জাতীয় পুরস্কার পান মাত্র ১৮ বছর বয়সে।

১৯৮৪ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন শ্রেয়া। তিনি রাজস্থানের কোটার নিকটবর্তী রাওয়াতভাতা শহরে বেড়ে ওঠেন। মাত্র চার বছর বয়স থেকেই সংগীতচর্চা শুরু করেন শ্রেয়া, তখন গুরু ছিলেন তার মা শর্মিষ্ঠা ঘোষাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত