এবারের অস্কার জিতবে কোন সিনেমা?

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ এএম

গত জানুয়ারিতে ঘোষিত হয় ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) চূড়ান্ত মনোনয়ন। এবারের আসরে ‘সেরা সিনেমা’র দৌড়ে জায়গা করে নিয়েছে বিভিন্ন দেশের ১০টি সিনেমা। এই তালিকায় রয়েছে ‘আনোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই’ম স্টিল হিয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’ ও ‘উইকড’।

তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে সমালোচকরা এই বিভাগে এগিয়ে রাখছেন আনোরা, দ্য ব্রুটালিস্ট, কনক্লেভ ও এমিলিয়া পেরেজকে। দেখে নেওয়া যাক এসব সিনেমার রিভিউ কী বলছে আনোরা কমেডি ড্রামা ঘরানায় আনোরা পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা শন বেকার। চলচ্চিত্রটি এবারের অস্কারে সেরা সিনেমা ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেত্রী (মাইকি ম্যাডিসন), সেরা পার্শ্বঅভিনেতা (ইউরা বোরিসভ), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা এডিটিং বিভাগে মনোনয়ন লাভ করেছে। সবশেষ কান চলচ্চিত্র উৎসবে দ্য ব্রুটালিস্ট ও এমিলিয়া পেরেজকে পেছনে ফেলে স্বর্ণপাম জিতে নিয়েছিল এটি। এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টের বর্ষসেরা ছবি হিসেবেও স্বীকৃতি পেয়েছে। সিনেমাটির গল্প এগিয়েছে নিউইয়র্ক শহরের একজন ল্যাপ ড্যান্সারকে কেন্দ্র করে। রাশিয়ান অলিগার্ক পিতার সন্তান ইভানের প্রেমে পড়েন তিনি। বিয়েও হয় তাদের। কিন্তু‘ বিষয়টি ছেলেটির বাবা-মা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বরং রাশিয়ায় এই খবর পৌঁছানোর পর বিয়ে বাতিল করার জন্য নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন! হুমকির মুখে পড়ে আনোরা-ইভানের রূপকথাময় বিয়ে। সিনেমাটি নিয়ে দ্য গার্ডিয়ান বলছে, ‘রোমান্স, প্রত্যাখ্যান আর বিশ্বাসঘাতকতার এক আশ্চর্য, শ্বাসরুদ্ধকর ট্র্যাজিক কমেডি।’

দ্য ব্রুটালিস্ট

সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ব্র্যাডি করবেট। এটি নির্মিত হয়েছে হাঙ্গেরীয়-ইহুদি গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এবং সেখানে তার স্বপ্নপূরণের সংগ্রামকে কেন্দ্র করে। সেরা সিনেমা ছাড়াও সিনেমাটি সেরা পরিচালক, সেরা অভিনেতা (অ্যাড্রিয়েন ব্রডি), সেরা পার্শ্বঅভিনেতা (গাই পিয়ার্স), সেরা পার্শ্বঅভিনেত্রী (ফেলিসিটি জোন্স), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক সুর, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা এডিটিং, সেরা প্রোডাকশন ডিজাইন বিভাগে মনোনয়ন পেয়েছে।

সিনেমাটি নিয়ে দ্য গার্ডিয়ানের ভাষ্য, ‘এটি শক্তিশালী গল্পের রোমাঞ্চকর পরিচালনা, একটি চলচ্চিত্র যা এর ওয়াইডস্ক্রিন এবং সাড়ে তিন ঘণ্টার চলমান সময়কে নিশ্চতভাবে স্বাচ্ছন্দ্য দেয়...এবং তবুও অন্ধকার রহস্যময় এবং অদ্ভুত কিছুতে এর সুন্দর নির্মাণ বিভাসিত হওয়ার মতো।’

কনক্লেভ

জার্মান নির্মাতা এডওয়ার্ড বারগার পরিচালিত এই সিনেমা আবর্তিত হয়েছে পোপ হওয়ার যোগ্য প্রার্থীদের ইঁদুরদৌড়ের গল্পে। সেরা সিনেমা ছাড়াও এটি সেরা অভিনেতা (রেফ ফাইনস), সেরা পার্শ্বঅভিনেত্রী (ইসাবেলা রোসেলিনি), সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা মৌলিক সুর, সেরা এডিটিং, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন বিভাগে মনোনয়ন পেয়েছে। সিনেমাটি প্রসঙ্গে দ্য গার্ডিয়ানের ভাষ্য, ‘একটি ধোঁয়াশাপূর্ণ ভ্যাটিকান পটভূমিতে গভীর সমস্যাগ্রস্ত কার্ডিনাল লরেন্সের ভূমিকায় দুর্দান্ত রেফ ফাইনস। এর ফলে এটি বিশ্বের অন্যতম ক্যারি-অন সিনেমার মতো একটি নির্মল রূপ দিতে সমর্থ হয়।’

এমিলিয়া পেরেজ

স্প্যানিশ ভাষায় সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁডিয়ার। তবে ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কারে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে এটি। সেরা সিনেমা ছাড়াও সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম, সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী (কার্লা সোফিয়া গ্যাসকোন), সেরা পার্শ্ব অভিনেত্রী (জো সালদানা), সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য, সেরা এডিটিং, সেরা সাউন্ড, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা রূপসজ্জা, সেরা মৌলিক সুর, সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। দ্য গার্ডিয়ানের মন্তব্য, ‘অপরাধ ও লিঙ্গ বিষয়ক কিছুটা উদ্ভট, তবে দেখার মতো মিউজিক্যাল মেলোড্রামা, এতে লিন-ম্যানুয়েল মিরান্ডার সংগীত আর গান, এমাত এসকালান্টির মতো থ্রিলার অভিনয় এবং (পেদ্রো) আলমোদোভারে একটি ছায়া রয়েছে।’ প্রসঙ্গত, আগামী ২ মার্চ লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত