দেশে বর্তমানে এক লাখ কোটি টাকার জাকাত আদায় ও বিতরণ সম্ভব বলে জানিয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। সংস্থাটি বলছে, জাকাত দান নয়, এটি ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার জাকাত একটি সামাজিক আন্দোলন, বৈষম্য দূর করে একটি মর্যাদাপূর্ণ সমাজ গঠন করতে সাহায্য করে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেডএম নেতারা এসব কথা বলেন। প্রতি বছরের মতো এবারও দুদিনব্যাপী জাকাত ফেয়ার আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। ২২-২৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে ‘ত্রয়োদশ জাকাত মেলা’ অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ ছাড়া ফেয়ারে সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, যুক্তরাজ্যর ম্যাক্রোইকোনমিকসের সহযোগী অধ্যাপক ড. ইমরানুল হক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য প্রফেসর ড. সৈয়দা সুলতানা রাজিয়া প্রমুখ।
