চুমুকাণ্ডে সেই রুবিয়ালেসের মোটা অংকের জরিমানা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শিরোপাজয়ী স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেওয়ায় অভিযোগে শাস্তি হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের। স্পেনের হাইকোর্ট তাকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা করেছে। তবে বলপ্রয়োগের অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।

সেবার সিডনিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই আলিঙ্গন করেন রুবিয়ালেস। অনেকের গালে ও কপালে চুমুও দেন। তবে হারমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন!

ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনাকারীদের প্রথমে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করে আরও বিপদে পড়েন রুবিয়ালেস। একপর্যায়ে ক্ষমা চেয়েও পার পাননি। সভাপতির পদ ছাড়তে হয়। ফিফাও তাকে প্রাথমিকভাবে ৯০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে সংস্থাটি। এদিকে রুবিয়ালেসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন হারমোসো ।

মামলায় ৪৭ বছর বয়সী রুবিয়ালেসের কারাদণ্ড চেয়েছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেননি। জরিমানার পাশাপাশি রুবিয়ালেসকে হারমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে বারণ করা হয়েছে এবং তার সঙ্গে এক বছর যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। রুবিয়ালেসের দাবি, চুম্বনে হারমোসোর সম্মতি ছিল। তবে হারমোসো সবসময়ই তা অস্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত