নিজের ও পরিবারের সদস্যদের জীবনের উন্নতি ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান অনেকে। তেমনি পরিবার ও নিজের জন্য মাতৃভূমি ছেড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ বাংলাদেশি। কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে তাদের যেতে হয় লিবিয়ায়। দেশটিতে গিয়ে তারা বুঝতে পারেন মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েছেন।
বলছিলাম মানব পাচারের শিকার হওয়া ঢাকার মোস্তাকিম সরকার, শেরপুরের মোজাম্মেল হক, মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার ও ইয়াসিন হাওলাদারের কথা।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নির্মম নির্যাতনের শিকার এই পাঁচ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফিরে আসেন তারা।
তারা জানান, মানবপাচার চক্রের সদস্যরা তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে জিম্মি করে অত্যাচার করে। বাংলাদেশে স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়া হয় তাদের মাধ্যমে। স্বজনরা টাকা পাঠালে তাদের ইতালি পাঠানোর জন্য ভূমধ্যসাগরে বোটে তুলে দেয়। যাত্রাপথে সাগরে বোট নষ্ট হয়ে যাওয়ার পরে তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এরপর আলজেরিয়া সীমান্তে নিয়ে গেলে অনুপ্রবেশের দায়ে তাদের নানা মেয়াদে সাজা দেওয়া হয়। পরবর্তীতে জেল খাটা শেষ হলে বেসরকারি সংস্থা ব্র্যাক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনে।
ইয়াসিন হাওলাদার বলেন, আমি লিবিয়ায় মানবপাচার মাফিয়া চক্রের কাছে আটক ছিলাম। আমার পরিবার ঋণ, জমি বন্ধক ও আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে মুক্তিপণ জোগাড় করে দালালদের মোট ২৫ লাখ ৮০ হাজার টাকা দিয়েছে। এখন আমার পরিবারের আর কিছুই নেই।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ বলেন, ৫ বাংলাদেশি মানবপাচারের শিকারকৃতদের প্রত্যাবাসনের জন্যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং-ইন-পারসন্স হিরো নেটওয়ার্কের সহায়তা নিয়েছি। এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে মানবপাচারের শিকার আরও আট বাংলাদেশিকে ব্র্যাক ও টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় দেশে ফিরিয়ে এনেছে।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পরিদর্শক শাহ আলম মৃধা বলেন, ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়া বাংলাদেশিরা ভয়াবহ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। মানবপাচারের শিকার পাঁচজনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্র্যাকের এই উদ্যোগগুলোকে আমরা সবসময় সহায়তা করি।
বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
মহাসড়কে বাস-মাইক্রোবাস যাত্রীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা