মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৫৩

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ এএম

মিয়ানমার জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী। স্কুল, বাস্তুচ্যুত মানুষের শিবির, হাসপাতাল ও ধর্মীয় স্থানসহ বিভিন্ন স্থানে চালানো নির্বিচার এ হামলায় গত ১০ দিনে অর্ধশতাধিকের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮০ জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

সংবাদমাধ্যমটি বলছে, ফাইটার জেট, ওয়াই১২ বিমান, হেলিকপ্টার ও মোটরচালিত প্যারাগ্লাইডাররা গত ১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে ৩৫টি আক্রমণ চালিয়েছে জান্তা বাহিনী। ম্যাগওয়ে, সাগাইং, মান্দালয় ও তানিনথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন, শান, মন ও কারেনি প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে। তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি বুধবার রাতে নাওংকিওতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার কথা জানিয়েছে। উত্তরাঞ্চলীয় শান প্রদেশের এ শহরটি জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীটি নিয়ন্ত্রণ করছে। এর আগে চলতি সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিং এ চীনা-মধ্যস্থতায় শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসে।

এ ছাড়া গত শনিবার জান্তা বাহিনীর হারবিন ওয়াই ১২ বিমান নাউনঘকিও শহরের একটি গ্রামে ৩৮টি বোমা ফেলেছিল টিএনএলএ। গত ১০ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ-অধিকৃত শহর মোগোকে প্রায় ২০টি বোমাবর্ষণ করা হয়েছিল। জান্তা বাহিনীর যুদ্ধবিমান গত বুধবার কাচিন প্রদেশের মোমাউক টাউনশিপের অন্তত তিনটি গ্রামে বোমা হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম দ্য ইরাবতীর একটি সমীক্ষায় দেখা গেছে, জান্তা বাহিনী গত জানুয়ারিতে মিয়ানমারের ৪০টি শহরে বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছে। এ ছাড়া নায়ান লিন থিট অ্যানালিটিকা রিপোর্ট করেছে, গত বছর আগস্ট পর্যন্ত সামরিক সরকার কমপক্ষে ৩ হাজার ২৯২টি বিমান হামলা চালিয়েছে এবং এতে প্রায় ১ হাজার ৭৪৯ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত